১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ, এগিয়ে মেয়েরা

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 02:10 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। তবে সবদিক থেকে এগিয়ে মেয়েরা। 

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর যশোর শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

এ শিক্ষা বোর্ডে এবার মোট এক লাখ ৩৫ হাজার ৮০৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩২ হাজার ৯৪০ জন। এর মধ্যে পাস করেছেন ৮৮ হাজার ৯৭ জন। 

তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ছেলে পাঁচ হাজার ১২৭ জন এবং মেয়ে ছয় হাজার ৩৫১ জন। শতভাগ পাস করেছে ৩৬টি বিদ্যালয়। আর ১১টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি।

বিভাগভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ১৭ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে নয় হাজার ২৪৬ জন শিক্ষার্থী পাস করেছেন।

জেলাভিত্তিক ফলাফলে খুলনায় ৬৯ দশমিক ৫৪, যশোরে ৬৯ দশমিক ০০, চুয়াডাঙ্গায় ৬৮ দশমিক ৭০, বাগেরহাটে ৬৬ দশমিক ৩৭, সাতক্ষীরায় ৬৬ দশমিক ২৯, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯০, মেহেরপুরে ৬৪ দশমিক ২৪, নড়াইল ৬৫ দশমিক ১৬, ঝিনাইদহে ৬২ দশমিক ৯৬ ও মাগুরায় ৬৪ দশমিক ৮৪ শতাংশ।

একজনও পাশ না করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যশোর জেলার চারটি, সাতক্ষীরার চারটি, খুলনার দুটি ও বাগেরহাটের একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৬ জন।

শতভাগ পাশকরা প্রতিষ্ঠানের মধ্য যশোরের ১৪টি, বাগেরহাটের ছয়টি, খুলনার চারটি, কুষ্টিয়ার চারটি, সাতক্ষীরার তিনটি, নড়াইলের দুটি, মাগুরার দুটি ও ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান রয়েছে।

যশোর বোর্ডে বিষয় অনুযায়ী পাশের হার কম রয়েছে ইংরেজিতে। এ বিষয়ে পাশ করেছে ৭১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। 

এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৯৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের প্রকাশিত ফলে জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।