১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ভোজ্যতেল কারখানায় আগুন, নিভল ২ ঘণ্টার চেষ্টায়

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ভোজ্যতেল প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের অন্তত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। 

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি।

কারখানার শ্রমিকদের বরাতে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “সকালে শ্রমিকরা কারখানাটির ভেতরে কাজ করছিলেন। কারখানাটির ‘সিড ক্র্যাশিং সেকশনে’ হঠাৎ আগুন দেখতে পান তারা। কারখানাটির এই অংশে তেলবীজ ভেঙে গুড়ো করা হয়। 

“প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেও সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।”

ওসমান গনি বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। অন্তত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।”

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও কারখানাটির বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গিয়েছে বলে জানান তিনি। 

মো. আশরাফ নামে কারখানাটির এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, “আমাদের অনেকগুলো মেশিন পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।”