Published : 07 Aug 2026, 03:36 PM
নেত্রকোণা সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় পলাতক আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে র্যাব-১৪ একটি দল ময়মনসিংহ ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ময়মনসিংহ র্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে ১৩ বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৮ জনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়- ১ অগাস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্নাকরার সময় রিপন মিয়া জোর করে পাশের জঙ্গলে নিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করেন। সেসময় ছাত্রীটির বাবা-মা দুইজনই বাড়ির বাইরে কাজে ছিলেন। পরে ছাত্রীটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে পালিয়ে যায় রিপন।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনার পর বিষয়টি সালিশের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করা হয়। সেজন্য সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেয়া হয়। সেই সালিসের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।
তারপর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রিপন মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, “র্যাব রিপন মিয়াকে গ্রেপ্তারের পর ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তাকে নেত্রকোণায় আনতে পুলিশ পাঠানো হয়েছে।”
আগের সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, সালিস