Published : 02 Dec 2023, 08:16 PM
রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার তাকে বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান।
প্রত্যাহার হওয়া এসআই জিলালুর রহমান বাগমারা থানার আওতায় কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, বৃহস্পতিবার ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিন বাগমারার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
ওই দিন সকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসআই জিলালুরসহ অন্যান্যরা। পরদিন শুক্রবার ফুল দেওয়ার একটি ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে; যা পুলিশ সুপারেরও নজরে আসে।
তিনি আরও বলেন, “জিলালুর প্রায় দুই বছর ধরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আছেন। তার বদলির সময় হয়েছিল। এরমধ্যে তার বিরুদ্ধে প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ তিনটি অভিযোগ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে যার সত্যতা পাওয়া গেছে।”
শনিবার রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান এসআই জিলালুর রহমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছেন বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।