ভোট বর্জনের লিফলেট বিতরণ: রংপুরে এবি পার্টির ৩ সদস্য আটক
তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
রংপুর মহানগরীতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা অনিবন্ধিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য।
বুধবার রাতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার ওসি মোন্তাছের বিল্লাহ।
আটকরা হলেন- নগরীর তাজহাট আশরতপুর চকবাজার এলাকার হাসিব ওরফে ফিরোজ (৩৪), আশরতপুর ঈদগাহ মাঠ এলাকার ফজলুল করিম (৪০) ও আশরতপুর পার্কের মোড় এলাকার মাহফুজার রহমান (৩৩)।
ওসি মোন্তাছের বিল্লাহ জানান, কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় ভোট বর্জনের আহ্বানে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছিল এবি পার্টির সদস্যরা। খবর পেয়ে সেখান থেকে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, “তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
