১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় মেরিনা মার্কেটে অগ্নিকাণ্ড

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2024, 05:11 PM

Updated : 02 Apr 2024, 06:42 PM

বগুড়া শহরের সাতমাথায় একটি মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই সদস্য।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুন্জিল হক জানান, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের নয়তলা ভবনের ষষ্ঠ তলায় লাগা এ আগুন দশটি ইউনিট প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের সামনে কথা হয় বন্ধু ইলেক্ট্রনিকের মালিক এম এ রাকিবের সঙ্গে; তারও দোকান ওই ষষ্ঠ তলায়।

রাকিব বলেন, দুপুর সোয়া ১টার দিকে ছয় তলার `অভি ফার্মেসি‘ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তার দোকানে পাঁচ লাখ টাকার মালামাল রয়েছে।

ঢাকা ফার্মেসির মালিক শাহাবুদ্দিন আহাম্মেদ বলেন, “ছয়তলায় মূলত ইলেকট্রনিক আর ওষধের গোডাউন। ওই ফ্লোরে মোট ৪০টি গোডাউন রয়েছে। আমারও ১৫ লাখ টাকার মালামাল রয়েছে সেখানে।“

ফায়ার সার্ভিস কর্মকর্তা মুন্জিল হক সাংবাদিকদের বলেন, বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে দুজন ফায়ার ফাইটার আহত হয়েছেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।