কুমিল্লায় প্রায় দেড় লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ১
“ঢাকার একটি চক্র জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়; তাদের ছাপা এত নিখুঁত যে, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা কষ্টকর।”
কুমিল্লার বরুড়া থেকে জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪৫ হাজার টাকার সমপরিমাণ জাল নোটসহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলে রোববার জানান বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন।
আটক ব্যক্তির নাম মো. আকরাম হোসেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, “ঢাকার একটি চক্র জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়। তাদের ছাপা এত নিখুঁত যে, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা কষ্টকর। বরুড়া থানার এসআই আলী মর্তুজা শনিবার জানতে পারেন লক্ষ্মীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে এক জালনোট ব্যবসায়ী অবস্থান করছেন। সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করার সময় আকরাম হোসেনকে আটক করা হয়।”
এসময় ওই ব্যক্তির হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগে ৫০০ টাকা মূল্যমানের ৪৯০টি জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি জানান, প্রতি এক লাখ টাকার জাল নোট চক্রটি ২০ হাজার টাকায় বিক্রি করত। গত তিন বছর ধরে ফারুক ও সিরাজ গাজী নামে দুই ব্যক্তির কাছ থেকে এসব জাল নোট সংগ্রহ করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথাও জানিয়েছেন আকরাম।
এই দুজনকে আটকে পুলিশের অভিযান চলছে।
