১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত কুড়াল ও আসামির পরা রক্তমাখা শীতবস্ত্র ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 04:02 PM

Updated : 22 Jan 2024, 04:19 PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

সোমবার দুপুরে ডাকা সংবাদ সম্মেলনে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, রোববার ভোরের ঘটনায় রাত ১০টার দিকে লালমনিরহাটের আদিতমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সত্য চন্দ্র শীল (৫৫) নাগেশ্বরী পৌর এলাকার হেলিপোর্ট কবিরের ভিটা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপারের দাবি, রোববার ভোরে স্ত্রী লতা রাণী শীলকে (৩৮) নিজ বাড়িতে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে পালান সত্য চন্দ্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  

গোপন খবরে পুলিশ জানতে পারে, লালমনিরহাটের লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন সত্য চন্দ্র।

পরে অভিযান চালিয়ে ওই জেলার আদিতমারী থানা এলাকার পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে এসপি জানান।

এছাড়া ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত রক্তমাখা কুড়াল ও আসামির পরা সাদা রঙের রক্তমাখা সোয়েটার জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত লতা রাণী শীলের বাবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেবপাট এলাকার শীলপাড়ী গ্রামে।