১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে সেপটিক ট্যাংকের ওপর ককটেল বিস্ফোরণ

“ধারণা করা হচ্ছে, ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 03:14 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

শরীয়তপুরের জাজিরায় বাঁশঝাড়ের ভেতরে সেপটিক ট্যাংকের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মো. সালে আহম্মেদ জানিয়েছেন। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, নাছির মেম্বার ও আলী উজ্জামাল বেপারীর বাড়ির পেছনে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও জাজিরা থানা পুলিশ আসলে দেখা যায়, একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরিত হয়েছে। 

ওসি সালে আহম্মেদ বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বাঁশঝাড়ের ভেতরে থাকা সেপটিক ট্যাংকের ওপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

তিনি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংরক্ষণ করেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”