১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: জামালপুর-৫ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

কর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন দেওয়ায় প্রার্থীকে এ নোটিস পাঠানো হয়।

আচরণবিধি লঙ্ঘন: জামালপুর-৫ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ
জামালপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 07:10 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তারকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার বিকালে প্রার্থীকে এ নোটিস পাঠান নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা অর্থঋণ আদালতের জজ মো. ইকবাল হোসেন।

নোটিসে বলা হয়, নিয়ম ভঙ্গ করে আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে; যা নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।

এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯(ক) এর লঙ্ঘন হয়েছে বলে মনে করে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিস ইস্যু করার পর দ্রুত প্রার্থীকে পৌঁছে দেওয়ার জন্য জামালপুর সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, “নোটিস পেয়েছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যথা সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।”