Published : 08 Sep 2025, 02:22 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে রিটের খবরকে ‘গুজব’ বলেছেন সহসভাপতি (ভিপি) পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন।
কিছু গণমাধ্যমে এ ধরনের প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এই প্রার্থী সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে রিট শিরোনামে যেসব সংবাদ হয়েছে তা সম্পূর্ণ গুজব। আমি এখনও কোনো রিট করিনি। আর রিট করলে তা নিজের প্রার্থিতা পুনর্বহাল চেয়ে করব। জাকসু নির্বাচন স্থগিত কিংবা বানচালের জন্য কোনো রিট আমি করব না।”
এ বিষয়ে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকেও জানানো হয়েছে, তাদের পক্ষ থেকেও কোনো রিট করা হয়নি। রোববার বিশ্ববিদ্যালয়কে প্রার্থিতা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অমর্ত্য রায় জন। এর ফলস্বরূপ তিনি প্রার্থিতা ফেরতের জন্য রিট করতে পারেন। তবে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের যে খবর ছড়ানো হচ্ছে, তা মিথ্যা প্রোপাগান্ডা।
প্যানেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অমর্ত্য রায় জনের নামে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, আমরা তার ঘোর বিরোধিতা করছি। একই সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদের দায়িত্বহীনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। উল্লিখিত গণমাধ্যম দ্রুত তাদের ভুল শুধরে নেবে বলে আমরা আশা করি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।”
শনিবার দুপুরে জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন (রেজি নং-৪৬৯৮৪) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।
‘সম্প্রীতি ঐক্য’ ২৯ অগাস্ট তাদের প্যানেল ঘোষণা করে। সেখানে সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে (এজিএস-পুরুষ) নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত (সভাপতি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ) এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি (সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি) লড়াই করবেন।
‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে।
আরও পড়ুন:
জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা ফেরাতে আইনি নোটিস