২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ

প্রাথমিকভাবে এটি ‘বেলিন তিমি’ বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 08:45 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট লম্বা একটি তিমির মৃতদেহ।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে নদীর তীরে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান বলে জানিয়েছেন বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান।

পরিবেশকর্মী ও কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আরিফুর রহমান বলেন, সকালে স্থানীয়রা উপকূলীয় মোহনায় তিমিটিকে দেখতে পান। পরে বেলা ১১টার দিকে এটি আবার গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধারের চেষ্টা শুরু করেন।

রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “কলাপাড়ার সঙ্গে তালতলীর সীমান্তবর্তী আন্দারমানিক নদীর দিকে মৃত তিমিটি ভেসে যাচ্ছিল। সেটিকে নিশানবাড়িয়ার দিকে আনার চেষ্টা চলছে।”

তিনি বলেন, মাটিচাপা দেওয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছবি দেখে প্রাথমিকভাবে এটি একটি বেলিন তিমি বলে মনে হচ্ছে। সম্ভবত এটি ব্রাইডস তিমি।

তিনি বলেন, তিমিটির মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয়। জালে আটকা পড়া, বড় জাহাজের সঙ্গে সংঘর্ষ, সামুদ্রিক দূষণ বা প্লাস্টিক খাওয়া কিংবা অসুস্থ হয়ে স্রোতের টানে অগভীর পানিতে চলে আসার কারণে মৃত্যু হতে পারে। জোয়ারের সময় নদীতে ঢুকে ভাটায় আটকে পড়ার ঘটনাও ঘটতে পারে।

মৃত্যুর কারণ জানতে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানান মীর মোহাম্মদ আলী।

তিনি বলেন, তিমির মরদেহ থেকে নমুনা সংগ্রহ ও কঙ্কাল সংরক্ষণ করা গেলে তা গবেষণা ও শিক্ষার কাজে ব্যবহার করা সম্ভব।