০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুদকের মামলায় ফরিদপুরের সাবেক সাব-রেজিস্ট্রার কারাগারে

একটি হেবা ঘোষণাপত্র দলিল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টা করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 10:21 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

দুর্নীতির মামলায় ফরিদপুর সদরের সাবেক সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে ফরিদপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সেলিম রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী শেখ কোবাদ হোসেন।  

দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় বলা হয়েছে, একটি হেবা ঘোষণাপত্র দলিল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টা করা হয়। দলিলের মূল কপির ষষ্ঠ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ ফ্লুইড দিয়ে মুছে এবং ঘষামাজা করে দলিলের প্রকৃত তথ্য পরিবর্তন করা হয়। 

এর মাধ্যমে দলিলের প্রকৃত গ্রহীতা ও অভিযোগকারী মো. খলিলুর রহমানকে প্রায় নয় শতাংশ জমির দখল থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ১ ফেব্রুয়ারি ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলা করেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- সাবেক সদর সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়া, তুলনাকারক মো. মেহেদী হাসান, নকলকারক মনোয়ার হোসেন, পাঠক মো. জাহিদ শেখ এবং দলিলের দাতা মো. জিন্নাহ শেখ।