১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বালুবাহী ট্রাক নিয়ে ভাঙল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন দেলদুয়ার

স্থানীয়রা জানান, এ পর্যন্ত এই পথে চারবার সেতু ভেঙ্গে পড়ল। কাঠের সেতু থাকায় অবস্থায় দুবার। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার।

টাঙ্গাইলে বালুবাহী ট্রাক নিয়ে ভাঙল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন দেলদুয়ার

বালুবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 06:50 PM

Updated : 25 Oct 2023, 06:50 PM

টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাক নিয়ে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা।

এ সময় ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। আহত হন চালকসহ ট্রাকের চার আরোহী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে যাওয়া বালুবাহী ট্রাকটি ব্রিজের দক্ষিণ প্রান্তে পৌঁছালে বিকট শব্দে তা ভেঙে পড়ে। ট্রাকটিও পানিতে পড়ে যায়। এতে উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পূর্ব দিকে সরে গেছে। আর দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়।

সেহরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে দুপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে।

খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

এদিকে ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার সঙ্গে সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নৌকা দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, “ঘটনা শোনার পর আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভিগের নির্বাহী প্রোকৌশলী আলিউল হোসেন বলেন, “খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।”

তবে সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে এখানে ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। তারা জানান, এ পর্যন্ত এই পথে চারবার সেতু ভেঙ্গে পড়ল। কাঠের সেতু থাকায় অবস্থায় দুবার। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার। এর আগে ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়েও ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]