১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্বকী হত্যায় আরও একজন গ্রেপ্তার

“স্বীকারোক্তিতে কাজল ২০১৩ সালে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন এবং পারভেজ তাদের একজন।”

ত্বকী হত্যায় আরও একজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2024, 07:46 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মাদ ত্বকী হত্যা হত্যাকাণ্ডে জড়িত আরেকজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ব়্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে৷

গ্রেপ্তার ৫০ বছর বয়সী পারভেজ নারায়ণগঞ্জ শহরের আলী হোসেনের ছেলে৷

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, “র‌্যাব গত ৮ সেপ্টেম্বর ত্বকী হত্যা মামলায় সন্দেহভাজন কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে। ১৫ সেপ্টেম্বর সে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

“স্বীকারোক্তিতে কাজল ২০১৩ সালে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন এবং পারভেজ তাদের একজন। তদন্তের অংশ হিসেবে পারভেজকে আটক করা হয়েছে। আমরা মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছি।”

পারভেজকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে র‌্যাবের অধিনায়ক বলেন, “গ্রেপ্তার ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়নি৷”

এর আগে, গত সপ্তাহে ত্বকী হত্যার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা হলেন, শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শে; যারা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল বলে জানায় ব়্যাব৷ তাদের মধ্যে কাজল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।