২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শীতলক্ষ্যার তীর দখল, গাজীপুরে শিল্প কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

দখল করা জমি সীমানা চিহ্নিত করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শীতলক্ষ্যার তীর দখল, গাজীপুরে শিল্প কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদীর তীর দখল করায় গাজীপুরের কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 11:13 PM

Updated : 24 Jul 2023, 11:13 PM

শীতলক্ষ্যা নদীর তীর দখল করে শিল্প কারখানার কার্যক্রম চালানোয় গাজীপুরের কালীগঞ্জে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার একুতা গ্রামে অবস্থিত ওই শিল্প কারখানাকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

দণ্ড পাওয়া প্রতিষ্ঠানটির নাম কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেড।

ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবেই কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডে অভিযান চালানো হয়। অভিযানে শীতলক্ষ্যা দখলের চিত্র দেখে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ২ লাখ ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

দখল করা জমি সীমানা চিহ্নিত করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নদী এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।