Published : 02 Jun 2026, 12:23 AM
পঞ্চগড় সদর উপজেলায় পুকুর থেকে এগারো ও নয় বছর বয়সি ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে ওই দুই শিশুর বাবা মারা গেছেন। তাদের দেখাশোনা করতেন দিনমজুর মা।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, রোববার সকালে দুই সন্তানকে বাসায় রেখে কাজে যান দিনমজুর মা আছিয়া খাতুন। সন্ধ্যায় বাড়িতে ফিরে ছেলেমেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাতে বাড়ির পাশে পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখেন।
এরপর স্থানীয়রা পুকুরে নেমে পানির নিচ থেকে সাথীর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, দুই শিশুর বাবা মারা গেছেন। সন্তানদের অনেক কষ্টে লালনপালন করেন তাদের মা। মানুষের বাসায় দিন হাজিরার কাজ করেন আছিয়া।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম।
নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে তেঁতুলিয়ার রওশনপুর এলাকার ডাহুক নদীর বালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মুন্নাফ (১৪) নামে সেই কিশোর রওশনপুর এলাকার তাজিমুল হোসেনের ছেলে।
স্থানীয়দের কয়েকজন বলেন, কয়েক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায় মুন্নাফ। সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় সে। পরে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।