১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ‘শিক্ষকের বেত্রাঘাতে’ হাসপাতালে ভর্তি ছাত্র

“ক্লাস চলাকালে পড়া না পারার কারণে ওই শিক্ষার্থীকে প্রথমে বেত্রাঘাত করেন শিক্ষক আহাদ হোসেন। পরে তাকে শ্রেণিকক্ষের মেঝেতে ফেলে অমানবিকভাবে লাথি মারেন।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 05:12 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

রাজবাড়ীর পাংশায় ‘পড়া না পারায়’ অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করলে পরিস্থিতি সামাল দিতে ওই শিক্ষককে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাংশার বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ব‌লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক জানিয়েছেন।

আহত ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর বাড়ি মৌরাট ইউনিয়নে। সে ওই বিদ‌্যাল‌য়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

অভিযোগের মুখে থাকা শিক্ষক মো. আহাদ হোসেন বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক।

শিক্ষার্থীদের বরা‌তে প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, “ক্লাস চলাকালে পড়া না পারার কারণে ওই শিক্ষার্থীকে প্রথমে বেত্রাঘাত করেন শিক্ষক আহাদ হোসেন। পরে তাকে শ্রেণিকক্ষের মেঝেতে ফেলে অমানবিকভাবে লাথি মারেন।

“এ সময় সহপাঠীরা তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাকে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে ভর্তি করা হয়।”

তিনি ব‌লেন, “ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই শিক্ষককে নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে আটকে রাখা হয়।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষক মো. আহাদ হোসেনকে তাৎক্ষণিকভাবে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

এ সময় তিনি বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে জানান প্রধান শিক্ষক।