রাবি ক্যাম্পাসে ‘অপহরণ’, রুয়েট ছাত্রলীগ নেতা কারাগারে
রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ তাদের বিরুদ্ধে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে।
বুধবারের এ ঘটনায় জড়িত অভিযোগে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে মতিহার থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে মতিহার থানাধীন সুইটের মোড় এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগের সহ-সম্পাদক শাহ আলম রাতুল (২৪), নূর মোহাম্মদ নাবিল (২৩) ও কামরান সিদ্দিক রাশেদ (২৩)। তিনজনই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও শহীদ শহিদুল ইসলাম হলের শিক্ষার্থী।
ভুক্তভোগী নাজমুল হাসান রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শেষ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তিনি
মামলা করেছেন। ওই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলায় এজাহারে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নাজমুল তার বান্ধবীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসেন রাতুল, নাবিল ও রাশেদ। তারা নাজমুলের কাছে পরিচয় জানতে চান। নাজমুল ক্যাম্পাসে ঘুরতে এসেছে জানালে, ওই তিনজন নাজমুলের বান্ধবীকে চলে যেতে বলে। তার বান্ধবী ভয়ে এক পর্যায়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
মামলায় আরও বলা হয়, এক সময় ওই তিনজন নাজমুলকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে রুয়েটে নিয়ে যান। সেখানে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু নাজমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে অজ্ঞাত আরও দুই ব্যক্তি তাদের সঙ্গে যুক্ত হয়। তারা হুমকি দিলে এক পর্যায়ে নাজমুল বাধ্য হয়ে তার কয়েকজন বন্ধুকে টাকার জন্য ফোন করেন।
নাজমুল জানান, এরপর বাধ্য হয়ে তিনি তার বাবাকে ফোন করেন। এ সময় আসামিরা তার বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এরই মধ্যে তার বন্ধুরা অপহরণের বিষয়টি পুলিশকে জানান।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, “আমরা অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে আটক করেছি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
জানতে চাইলে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু বলেন, “অপহরণের ঘটনায় আমাদের ছাত্রলীগের এক নেতা জড়িত বলে জেনেছি। তাকে ইতিমধ্যে সংগঠন থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছি ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য।”
