Published : 25 Jun 2026, 06:50 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি এস. এম. মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
একই ঘটনায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, তিন মাদ্রাসা ছাত্র যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় একজন তীরে উঠতে পারলেও বাকি দুইজন তলিয়ে যান।
পরে স্থানীয় জেলেরা বড় জাল ফেলে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার উদ্ধার করে।
ওসি এস. এম. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।