১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

রোববারের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হলে কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 04:10 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীদের একটি অংশ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এ কর্মসূচি হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চের নেতাসহ শাকসু নির্বাচনের কয়েকজন প্রার্থী অংশ নেন। 

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শিক্ষাভবন ‘ই’ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব রিয়াজ রিমন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধি থাকলেও শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই। শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলার মতো কেউ না থাকায় প্রশাসনকে উদ্যোগ নিয়ে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

একই সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবরার রাশিদ বলেন, প্রশাসন ও একটি রাজনৈতিক দলের যোগসাজশে শাকসু বন্ধ হয়েছিল। নতুন প্রশাসন এসে তা পুনরুদ্ধার করার কথা থাকলেও তারা আগের প্রশাসনের পথেই হাঁটছে। সরকার ও প্রশাসন যদি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া বুঝতে ব্যর্থ হয়, তবে এর পরিণাম সুখকর হবে না।

আন্দোলনকারীদের পক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক শাকিল মাহমুদ বলেন, বিএনপি ও ছাত্রদলের ষড়যন্ত্রের কারণেই নির্বাচনের আগের দিন শাকসু বন্ধ করা হয়েছিল। 

আগামী রোববারের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে শাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল হোসেন, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী আজাদ শিকদার এবং পরিবহন সম্পাদক পদপ্রার্থী ইব্রাহিম বিন সৌরভ উপস্থিত ছিলেন।