১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে নৌকাডুবি: নিখোঁজ অপর শিশুর লাশ উদ্ধার

দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পশ্চিমে নদীতে ভাসমান অবস্থায় তন্ময়ের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে নৌকা ডুবিতে নিখোঁজ থাকা এক শিশুর লাশ দুদিন পর উদ্ধার করেছে ডুবুরীদল।

শনিবার সকালে দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পশ্চিমে নদীতে ভাসমান অবস্থায় তন্ময়ের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (সাভার ও কালিয়াকৈর) জোন প্রধান উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন। 

লাশ উদ্ধার হওয়া আট বছর বয়সী তন্ময় স্থানীয় তাপস মনি দাসের ছেলে। একই ঘটনায় নিখোঁজ স্থানীয় মদন মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাসের (৫) লাশ শুক্রবার সকালে উদ্ধার করে ডুবুরীরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে দুই শিশু তাদের স্বজন ও অন্যদের সঙ্গে নৌকা করে তুরাগে বেড়াতে বের হয়। সন্ধ্যার দিকে ওই এলাকায় তখন প্রতিমা বিসর্জন চলছিল।

এর মধ্যে স্থানীয় হিজলতলীর চাপাইর ব্রিজের কাছে পৌঁছলে অন্য একটি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি গভীর পানিতে তলিয়ে যায়।

এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও শিশু দুটি পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, খবর পেয়ে রাতেই স্থানীয় ফায়ার কর্মীরা অভিযানে নামলেও রাত ৮টা পর্যন্ত শিশু দুইটির সন্ধান পায়নি। টঙ্গী ফায়ার স্টেশনে ডুবুরিদলকে খবর দেওয়া হলেও অন্ধকার হয়ে যাওয়ায় রাতে আর অভিযানে যায়নি।

পরে শুক্রবার সকালে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল অভিযানে নামে এবং বেলা ১১টার দিকে ডুবে যাওয়া নৌকাসহ অঙ্কিতার লাশ উদ্ধার কর। অঙ্কিতার লাশ ডুবে যাওয়া নৌকার সাথেই আটকে ছিল। 

তবে এদিনও খোঁজ মেলেনি তন্ময়ের। 

ফায়ার কর্মকর্তা মামুন বলেন, এ অবস্থায় শনিবার আবার অভিযানে নামেন ডুবুরীরা এবং ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পশ্চিমে ভাসমান অবস্থায় তন্ময়ের লাশ উদ্ধার করে তারা।

গাজীপুরে নৌকাডুবি: নিখোঁজ ১ শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরে ঘুরতে বেরিয়ে নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ