১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে নৌকাডুবি: নিখোঁজ ১ শিশুর মরদেহ উদ্ধার

পাঁচ বছরের অঙ্কিতার লাশ ডুবে যাওয়া নৌকার সঙ্গেই আটকে ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

গাজীপুরে নৌকাডুবি: নিখোঁজ ১ শিশুর মরদেহ উদ্ধার
.

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগে নদে নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরীরা। এ ঘটনায় ডুবে যাওয়া আরেক শিশু এখনো নিখোঁজ। 

শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল ডুবে যাওয়া নৌকাসহ শিশুটির লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (সাভার ও কালিয়াকৈর) জোন প্রধান উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন। 

লাশ উদ্ধার হওয়া অঙ্কিতা মনি দাস (৫) মদন মনি দাসের মেয়ে। নিখোঁজ অপরজন স্থানীয় তাপস মনি দাসের ছেলে তন্ময় মদন দাস (৮)। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে দুই শিশু তাদের স্বজন ও অন্যদের সঙ্গে নৌকা করে তুরাগে বেড়াতে বের হয়। সন্ধ্যার দিকে ওই এলাকায় তখন প্রতিমা বিসর্জন চলছিল। 

এর মধ্যে স্থানীয় হিজলতলীর চাপাইর ব্রিজের কাছে পৌঁছলে অন্য একটি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি গভীর পানিতে তলিয়ে যায়। 

এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠে পারলেও শিশু দুটি পানিতে তলিয়ে নিখোঁজ হয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, খবর পেয়ে রাতেই স্থানীয় ফায়ার কর্মীরা অভিযানে নামলেও রাত ৮টা পর্যন্ত শিশু দুইটির সন্ধান পায়নি। টঙ্গী ফায়ার স্টেশনে ডুবুরিদলকে খবর দেওয়া হলেও অন্ধকার হয়ে যাওয়ায় রাতে আর অভিযানে যায়নি। 

পরে শুক্রবার সকালে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল অভিযানে নামে এবং সকাল ১১টার দিকে ডুবে যাওয়া নৌকাসহ অঙ্কিতার লাশ উদ্ধার কর।  অঙ্কিতার লাশ ডুবে যাওয়া নৌকার সাথেই আটকে ছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে শুক্রবার বিকাল ৩টায়ও অপর শিশুর সন্ধান মেলেনি, তার খোঁজে অভিযান অব্যহত আছে বলে জানান তিনি। 

পুরানো খবর

গাজীপুরে ঘুরতে বেরিয়ে নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ