রাজবাড়ীতে জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত নারীর মৃত্যু
পাঁচ দিন আগে নিরাপদ খাদ্য কার্যালয়ের পতাকা নামানোর সময় পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর পড়ে মনিরার শরীর আগুনে ঝলসে যায়।
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য কার্যালয়ের জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত এক নারী মারা গেছেন।
শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
মৃত মনিরা খাতুন (৩০) সদর উপজেলার কোলারহাট এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি খাদ্য অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান বলেন, রোববার বিকালে সদরের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতালের সামনে নিরাপদ খাদ্য অফিসে ছুটির পর পতাকা নামাতে যান মনিরা। এ সময় পতাকার পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়।
পাইপটি স্টিলের হওয়ায় বিদ্যুতায়িত হয়ে মনিরার সারা শরীরে আগুন ধরে যায়। তখন অফিসে কেউ না থাকায় উদ্ধারে দেরি হওয়ায় মনিরার শরীর আগুনে ঝলসে যায়।
পরে স্থানীয় লোকজন ও পথচারী বিষয়টি দেখে ফায়ার সার্ভিসকে জানায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আসিফুর রহমান বলেন, পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ভোরে মনিরা মারা যান। তার লাশ রাজবাড়ীতে আনার প্রস্তুতি চলছে।
