১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রংপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 08:22 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল।

নিহতরা হলো- ওই গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

ওই গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, ঈদের পর আবিদ পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। সকাল ১০টার দিকে মামাতো ভাই মাহামুদুলের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় আবিদ। 

দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশে ডোবায় দুজনের লাশ ভাসমান অবস্থায় যাওয়া যায়।

ওসি খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।