কুড়িগ্রামে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত আরেকজন
দুপুরে বাড়ির পাশে জমিতে খেলার সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে দুইজন আহত হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খেলার সময় বজ্রপাতে এক কিশোরের প্রাণ গেছে; এতে আহত হয়েছে অপর এক কিশোর।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
নিহত রানা মিয়া (১৫) ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
আহত লাবন্য মিয়া (১২) একই গ্রামের জাহিদুল হকের ছেলে। সে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া বলেন, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।
নিহত ও আহত দুজন সম্পর্কে চাচা ভাতিজা। নিহত রানা চাচা আর ভাতিজা হলেন আহত লাবন্য।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন তিনি।
