২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৪

মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটি গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 09:29 AM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর প্রাণ গেছে। 

সোমবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়। 

জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটি গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। 

এ নিয়ে হাসপাতালটিতে ২৪ শিশুর মৃত্যু হলে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। 

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক শিশুর স্বজন ফরিদুল ইসলাম বলেন, “প্রথমে জ্বর তারপর ঠাণ্ডা-সর্দিতে আক্রান্ত হয় আমার ১১ মাস বয়সী শিশু। তারপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা হাম হয়েছে বলে জানান। এখানে ১১ দিন ধরে ভর্তি রয়েছি; কিন্তু ভালো চিকিৎসার অভাবে শিশুটা সুস্থ হচ্ছে না। 

“সে এখনো পর্যন্ত ঠিকমত খেতে পারছে না। সারাক্ষণ তার মধ্যে অস্থিরতা কাজ করে। ওষুধ পাওয়ার পাশাপাশি ডাক্তাররা যদি ঠিকমত দায়িত্ব পালন করতো তাহলে অসুস্থ শিশুগুলো দ্রুত সুস্থ হয়ে উঠতো।” 

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৩ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ শিশু।