০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিল এক বছর।

বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মৃত শিশুটি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা।

নূরে আলম শামীম বলেন, এখন পর্যন্ত বিভাগে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সন্দেহভাজন আরও ৬৬ রোগী।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯২ জন ভর্তি আছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।