চুয়াডাঙ্গায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সাদ্দাম হোসেন বাড়ির পাশের বিএডিসি ফার্মের ভেতরে আম কুড়াতে যান।
ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুনায়েদ।
নিহত ২৬ বছর বয়সী সাদ্দাম হোসেন ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টি শুরু হলে সাদ্দাম হোসেন বাড়ির পাশের বিএডিসি ফার্মের ভেতরে আম কুড়াতে যান।
এ সময় সেখানে ঝড়ে ছিড়ে পড়া একটি সচল বৈদ্যুতিক তারের সঙ্গে অন্ধকারে অসাবধানতাবশত স্পর্শ লেগে সাদ্দাম গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দাম হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
