১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯

আটকদের কাছে থেকে ৮০টি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 08:27 PM

Updated : 08 Dec 2023, 08:27 PM

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুরে ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৮০টি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

আটকদের মধ্যে ১১ জন পরীক্ষার্থী, তিনজন শিক্ষক ও চক্রটির পাঁচ সদস্য রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করে পুলিশ। সকালে কেন্দ্র থেকে ১১ পরীক্ষার্থীকে আটক করা হয়।

এছাড়া পরীক্ষার আগের রাতে ও সকালে তিন শিক্ষক এবং চক্রটির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি মোবাইল ফোন এবং বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

সাধারণত প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষা শুরুর আগে; তবে এখানে আগে থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানান পুলিশ কমিশনার।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি আরও বলেন, “জালিয়াত চক্রের সঙ্গে জড়িত শিক্ষকরা পরীক্ষা চলাকালীন হলরুম থেকে আধুনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেন। এরপর প্রশ্নের সমাধান করে বাইরে থেকে চক্রটি ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে উত্তর সরবরাহ করতেন।”

রংপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই চক্রের আরও সদস্যকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

আটকের বিরুদ্ধে মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার মনিরুজ্জামান।