অনুপ্রবেশ: সাজা খেটে তামাবিল হয়ে ফিরলেন ২৩ বাংলাদেশি
তাদেরকে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি।
রোববার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন; এর মধ্যে দুই নারীও রয়েছেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া জানান, ২৩ বাংলাদেশিকে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি, বিএসএফ ও গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ডাউকি ইমিগ্রেশন পুলিশ তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
এসআই আরও জানান, ২৩ বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বিভিন্ন প্রলোভনে পরে চোরাই পথে তারা ভারতে যান। আটকের পর সেখানে তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
পরবর্তী সময়ে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
