২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছিনতাইয়ের সময় যৌন নিপীড়নের অভিযোগ

এ ঘটনায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:34 PM

Updated : 26 Sep 2026, 09:34 PM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘোরার সময় তাদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন বলেন, বুধবার ভুক্তভোগী এক শিক্ষার্থী পাঁচজনের নাম দিয়ে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে এ মামলা করেন।

এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বুধবার মামলা হলেও শনিবার ক্যাম্পাসে বিষয়টি জানাজানি হয়।

মামলার আসামিরা হলেন- স্থানীয় রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদার।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে। তখন দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বের হয়েছিলেন।

আসামিরা অটোরিকশার গতি রোধ করে শিক্ষার্থীদের কাছে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ সময় এক ছাত্রীর সঙ্গে যৌন নিপীড়নের ঘটনাও ঘটে বলে এজাহারে বলা রয়েছে।

ওসি মো. সেলিম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ও মালামাল নিয়ে যাওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ঘটনার পর ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে।