১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য’ পানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

বুধবার রাতে এ ঘটনা ঘটলেও শুক্রবার দুপুরে হাসপাতালে একজনের মৃত্যুর পর বিষয়টি জানাজানি হয়।

যশোরে ‘বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য’ পানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 06:11 PM

Updated : 28 Jan 2023, 06:11 PM

যশোরে ‘অতিরিক্ত বা বিষাক্ত নেশাজাতীয়’ দ্রব্য পান করে তিন জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই জন। 

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটলেও  বিষয়টি শুক্রবার দুপুরে জানাজানি হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মহিউদ্দিন। 

মৃতরা হলেন, আবাদ কচুয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ইসলাম (৪৫), শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন (২৯) ও আবু বক্কর মোল্লার ছেলে আবুল কাশেম (৫৫)। 

অসুস্থরা হলেন, সিতারামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে বাবলু (২৮) এবং আনোয়ার মোড়লের ছেলে রিপন হোসেন মোড়ল (৩৬)। 

মৃত জাকির হোসেনের স্বজনরা জানান, বুধবার রাতে আবাদ কচুয়া গ্রামের একটি মেহগনি ও লিচু বাগানে ওই পাঁচজন বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পান করেন। রাতেই তারা অসুস্থ হয়ে পড়লে নিজ নিজ বাড়িতে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নেন। 

কিন্তু অবস্থার অবনতি হলে ইসলামকে বৃহস্পতিবার ভোরে তথ্য গোপন করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মারা যায়। 

এরপর পরিবারের সদস্যরা দ্রুত ছাড়পত্র ছাড়াই মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে যান। 

এদিকে, বাড়িতে থাকা বাকী চারজনও আরও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তারা একে একে জেনারেল হাসপাতালে ভর্তি হন। 

এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে জাকির হোসেন মারা যান। এরপরই তাদের বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পানের বিষয়টি জানাজানি হয়। 

ঘটনা জানাজানি হলে হাসপাতালে ভর্তি বাবলু ও রিপন হোসেন হাসপাতাল ছেড়ে বেসরকারি ক্লিনিকে সরে পড়েন। অপর অসুস্থ আবুল কাশেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, স্বজনরা তথ্য গোপন করে রোগীদের হাসপাতালে ভর্তি করেন। তবে রোগীদের মুখে গন্ধ থেকে বোঝা যায় অতিরিক্ত বা বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য বা অ্যালকোহল পানের ফলে তারা অসুস্থ হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। 

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মহিউদ্দিন জানান, এলাকাবাসীর তথ্য অনুযায়ী অসুস্থ ও মৃতরা অতিরিক্ত বা বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য সেবন করেছিলেন। 

থানার ওসি তাজুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্য কেউ তাদের কাছে কোনো অভিযোগ করেনি। তবে খবর পাওয়ার পর বিষয়টি তারা খোঁজখবর নিয়ে দেখছেন।