১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ দেশে ফেরত

“এ দেশের মানুষ আমাকে টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। মরদেহ গাড়িতে তোলা-নামানো থেকে শুরু করে সার্বিকভাবে তারা আমার পাশে দাঁড়িয়েছেন।”

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 06:17 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে ফেরার পথে বেনাপোল স্থলবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ভারতীয় নাগরিক গৌতম মিস্ত্রির মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, শুক্রবার দুপুরে দূতাবাসের ছাড়পত্র নিয়ে ভারতীয় পাসপোর্টধারী গৌতম মিস্ত্রির মরদেহ নিয়ে দেশে ফেরেন তার স্ত্রী জাহানারা মিস্ত্রি।

গত ২২ অগাস্ট স্ত্রী জাহানারা মিস্ত্রিকে সঙ্গে নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন গৌতম। পরে তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

ওসি সাইফুর রহমান বলেন, “ওই দম্পতি ভারতে ফিরে যাওয়ার জন্য বুধবার বেনাপোল আসেন। কিন্তু বরিশাল থেকে আসা জিএম পরিবহনের বাস কাউন্টারের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। 

“পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “এ সময় তার স্ত্রীর কাছে থানার জিডি ও ডেথ সার্টিফিকেট ছাড়া কিছুই ছিল না।”

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি বলেন, “বাংলাদেশের মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। এ দেশের মানুষ আমাকে টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। মরদেহ গাড়িতে তোলা-নামানো থেকে শুরু করে সার্বিকভাবে তারা আমার পাশে দাঁড়িয়েছেন। 

“বেনাপোল ইমিগ্রেশনের ওসি স্যার এবং স্থানীয় কিছু মানুষ টাকা-পয়সা জোগাড় করে দিয়েছিলেন। এ দেশের মানুষের মানবিকতাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই।” 

আরও পড়ুন:   

দেশে ফেরার পথে বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু