১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দেশে ফেরার পথে বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু

গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি গত ২২ অগাস্ট বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে বরিশালে তাদের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 02:03 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

বাংলাদেশে বেড়ানো শেষে দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দরে অসুস্থ হয়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান।

মারা যাওয়া গৌতম মিস্ত্রি (৫৫) কলকাতার কল্যাণ নগরের সুরিয়া সেন পালি এলাকার বাসিন্দা।  

তিনি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি গত ২২ অগাস্ট বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে বরিশালে তাদের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন।

ওসি ফেরদৌস হোসেন খান বলেন, ওই দম্পতি ভারতে ফিরে যাওয়ার জন্য বুধবার বেনাপোল আসেন। কিন্তু বরিশাল থেকে আসা জিএম পরিবহনের বাস কাউন্টারের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি।ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। 

পরবর্তীতে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

ভারতীয় এ নাগরিকের মরদেহ নিজ দেশে ফেরত নেওয়ার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।