১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে সেচ মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 07:09 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

নীলফামারীর ডিমলা উপজেলায় সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুলাল হোসেন (৬৫) ওই গ্রামের কপর উদ্দিনের ছেলে। তিনি ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সীমান্ত টাইম টোয়েন্টিফোর অনলাইন পোর্টালের সম্পাদক ফরিদুল ইসলামের বাবা।

পরিবার জানায়, সকালে বাড়ির পাশের একটি সেচ মোটরের ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাংবাদিক ফরিদুল ইসলাম বলেন, “বাবা অত্যন্ত পরিশ্রমী ও সমাজবান্ধব মানুষ ছিলেন। প্রতিদিন সকালে নিজেই জমিতে গিয়ে সেচের কাজ করতেন। আজ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।”

দুলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামাণিক।