১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে ট্রাক চাপায় কাপড় ব্যবসায়ী নিহত
দুই ছেলের মাঝে নিহত শাহ আলম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সিরাজগঞ্জ শহরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈদ্যনাথ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার এসআই বজলুর রহমান।

নিহত শাহ আলম (৫৫) শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার সেজাব আলীর ছেলে।

এসআই বজলুর রহমান বলেন, শাহ আলম মোটরসাইকেলে করে শিয়ালকোলের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে রাখা বালুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। 

এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক শাহ আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।