১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেঘনায় গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি বন্ধুদের সঙ্গে নরসিংদীতে ঘুরতে এসেছিলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

নিহত মাহির শাহরিয়ার (১৭) ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা থেকে অভিভাবক আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ মাহিরের বন্ধু ওয়ালী বলেন, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীতে বেড়াতে আসে।

পরে তারা শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। সেখানে কয়েকজন শিক্ষার্থী মেঘনা নদীতে গোসল করতে নামে।

এ সময় সাঁতার না জানায় মাহির শাহরিয়ারসহ তিনজন পানিতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা গেলেও মাহির নিখোঁজ হন।

পরে সহপাঠীরা স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে চার ঘণ্টা পর মাহিরের লাশ উদ্ধার করে।