দুর্ভোগ মাথায় রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে: আনোয়ারুজ্জামান
“নগরবাসী প্রায় এক দশক ধরে উন্নয়ন দুর্ভোগ মোকাবিলা করছে; বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।”
সিলেট নগরবাসী প্রায় এক দশক ধরে ‘উন্নয়ন দুর্ভোগ’ মোকাবিলা করে জীবনযাপন করছে; বিষয়টি গুরুত্ব দিয়ে পরবর্তীতে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
শনিবার দুপুরে নগরীর শারদা স্মৃতি হলে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ কথা বলেন।
সিলেটকে আধ্যাত্মিক নগরী উল্লেখ করে আনোয়ারুজ্জামান বলেন, এই জনপদের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য হাজার বছরের। সাংস্কৃতিক কর্মীরা স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। তাদের জন্য কাজ করছে সরকার।
নগরীতে স্মার্ট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করার কথা জানিয়ে তিনি আরও বলেন, “জনগণ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিতের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করেন। তারা মনেপ্রাণে চায়, সুসময় বা দুঃসময়ে জনপ্রতিনিধিরা যাতে তাদের পাশে থাকেন।
“আমি আশাবাদী, এবার আমরা যারা নির্বাচিত হয়েছি; তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখ-দুঃখে নির্ভরতার প্রতীক হয়ে জনগণের পাশে থাকব। সম্মিলিত প্রচেষ্টায় নগরীর উন্নয়ন করব।”
স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে সব জনপ্রতিনিধিকে নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্ববান জানান আনোয়ারুজ্জামান।
বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী বিপ্রদাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রতীক এন্দরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সভাপতি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি দাস গুপ্ত।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিশ্বজিৎ রায় উপদেষ্টামণ্ডলী এবং নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
