১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি না আসলেও নির্বাচন হবে, পটুয়াখালীতে প্রাণিসম্পদ মন্ত্রী

বিজয়ী হতে পারবে না জেনেই বিএনপি নির্বাচনে আসবে না বলে মন্তব্য করেছেন রেজাউল করিম।

বিএনপি না আসলেও নির্বাচন হবে, পটুয়াখালীতে প্রাণিসম্পদ মন্ত্রী

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 07:25 PM

Updated : 14 Oct 2023, 07:25 PM

বিএনপি না আসলেও নির্বাচন হবে; অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন, “বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। ২০ দলীয় জোটে অনেক দল আছে যাদের নামও আমরা জানি না।

“১২ দলীয় জোট হয়েছে; সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া-রুটির লোভে এখানে ওখানে যাবে।”

বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই মন্তব্য করে রেজাউল করিম আরও বলেন, “ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিলো তিনিও সরে গেছেন। এখন দিশেহারা অবস্থায় বিএনপি।

“১৯৭০ সালের নির্বাচনে মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসে নাই, তাতে নির্বাচন বন্ধ থাকে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল আহমেদ চৌধূরী, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ ও জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।