১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোর নির্দেশ কার্যকর হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে: প্রতিমন্ত্রী

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা বলেন মো. রাজীব আহসান।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 08:16 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনও প্রাণহানি না ঘটার পেছনে ফেরিতে ওঠানোর আগে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশ কার্যকর ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

শুক্রবার বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তি‌নি‌। এ সময় প্রতিমন্ত্রী ঘাট সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা ও পূর্ব প্রস্তুতির প্রশংসা করেন।

রাজীব আহসান বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতা, সচেতনতা ও তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নৌ-পুলিশ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে কাজ করেছেন।

তিনি ব‌লেন, “দুই মাস আগে বাসডুবির ঘটনার পর ফেরিতে যানবাহন ওঠানোর আগে সব যাত্রীকে নামিয়ে দিতে সরকারি নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশ যথাযথভাবে অনুসরণ করায় আজকের ঘটনায় বাস নদীতে পড়লেও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।”

বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিকুল করিমের নেতৃত্বে গঠিত কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। 

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আসলাম মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস। বাসটি মেহেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল।

বাসের যাত্রীরা জানিয়েছেন, ফেরিঘাটের পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেন পুলিশ সদস্যরা। যাত্রীরা নেমে যাওয়ায় তাদের কেউ হতাহত হননি। পরবর্তীতে বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে নদী থেকে উদ্ধার করা হয়।

এর আগে ২৫ মার্চ এ ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। সে দুর্ঘটনার পর ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।

দুই মাসের মাথায় এ ঘাটে আবার বাসডুবির ঘটনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নদীতে পড়া বাসের যাত্রীদের নামানো হয়েছিল আগেই: নৌপুলিশ

দৌলতদিয়া ঘাটে পড়ে যাওয়া বাসটি উদ্ধার, হতাহত নেই

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল নদীতে