১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল নদীতে

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 11:36 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ঈদ শেষে ঢাকায় ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। 

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। 

বাসটির চালক ও সহকারীকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  

এ ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এসবি সুপার ডিলাক্স বাসটি সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে, ফেরি কবরীর কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে বিপরীত পাশের র‍্যাম ভেঙে নদীতে পড়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসটি ফেরিতে ওঠার পূর্বে স্থানীয় প্রশাসন বাসের সব যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা দিয়েছিল। গাড়ির চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । ফলে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি৷

এছাড়া বিআইডব্লিউটিএ পক্ষ থেকে বাসটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরিরা কাজ শুরু করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।

এর আগে ২৫ মার্চ এ ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। সে দুর্ঘটনার পর মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।