নারায়ণগঞ্জে কিশোরদের সংঘর্ষ, পথচারীসহ আহত ১৫
আহতদের মধ্যে দুজন পথচারীও আছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে কিশোরদের দুইটি পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন৷ এ সময় স্থানীয়দের দোকানপাট ও বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ঘণ্টাব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা বাজারে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা।
খবর পেয়ে পুলিশ পৌঁছে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ এছাড়া হৃদয় খাঁন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে দুজন পথচারীও আছেন। তারা হলেন, কোহিনুর বেগম ও বাদল মিয়া। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “তারাব বাজারে দুটি কিশোর গ্যাংয়ের একটির নেতৃত্ব দেয় তারাব উত্তরপাড়া এলাকার বকুল ভুইয়ার ছেলে শিমুল ভুইয়া, অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছে রুবেল মিয়া, শ্রাবণ এবং আকবর বাদশা।
“তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই মারামির ঘটনা ঘটে৷ এর জেরে বৃহস্পতিবার বিকালে শিমুলকে মারধর করে প্রতিপক্ষ৷ এ নিয়ে রাতে আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
“এতে দুই পথচারীসহ উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়৷ তারা দোকানপাটও ভাঙচুর করে এবং লুটপাট চালায়৷”
ওসি দীপক আরও বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে দুই গ্রুপের মহড়া দেখতে পায়৷ পরে তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি রাবার বুলেট ছুড়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “সংঘর্ষের ঘটনায় জড়িত কয়েকজনকে আমরা শনাক্ত করেছি৷ তাদের আইনের আওতায় আনা হবে৷”
