১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেললাইনের পাত খুলে ফেলার ঘটনা তদন্তে কমিটি

সোমবার ভোরে গফরগাঁও স্টেশনে ঢোকার এক কিলোমিটার আগে জন্মেজয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

ঢাকা বিভাগীয় প্রকৌশলী সিরাজ উদৌল্লা জানান, আগামী তিন কার্য দিবসের মাঝে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

তদন্তে প্রাপ্ত দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এর আগে সোমবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে ঢোকার আগে জন্মেজয় এলাকায় ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ময়মনসিংহ রেলস্টেশন হয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে সহস্রাধিক যাত্রী ছিল।

এ ঘটনায় দুপুরের ঢাকা-তারাকান্দি, তারাকান্দি-ঢাকা, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা, মোহনগঞ্জ-ঢাকা রুটের ট্রেন চলাচল বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

জন্মেজয় এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তখন বাসা থেকে বের হয়ে দেখি যাত্রীরা হুড়োহুড়ি করে নামছে। এমন কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। 

“আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। যারা রেলের পাত কেটেছে তারা দেশের শত্রু। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।” 

রফিকুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, “বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। সেই সুযোগটি কাজে লাগিয়ে আওয়ামী দোসরা এমন কাজ করে থাকতে পারে। বিএনপির পক্ষে এ কাজ করা কোনভাবেই সম্ভব নয়।”

প্রকৌশলী সিরাজ উদৌল্লা বলেন, “ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। দুর্বৃত্তরা রেলের পাত খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বিকেলের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।”   

গত শনিবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার খবরে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।

এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নি সংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

গফরগাঁওয়ে 'রেললাইনের পাত সরিয়ে ফেলায়ট্রেন লাইনচ্যুত