Published : 20 Aug 2025, 04:26 PM
ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর দিয়েছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান।
মৃতরা হলেন- ধামরাইয়ের বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে বদর উদ্দিনের (২৮) ও তার স্ত্রী পিংকি আক্তার (২৫)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে গত এপ্রিল মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোন যোগাযোগ ছিল না।
বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়ি উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় যান বদর উদ্দিন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদর উদ্দিন নিজেও ‘বিষপান’ করে অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পারিবারিক কলহের স্ত্রীকে হত্যার পর বদর বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।