রেললাইনে বসে থাকা সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ ঘটনায় ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার তিন বছর বয়সি ছেলে।
শনিবার দুপুরে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত মনিরা খাতুন (২৫) উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। আহত শিশু ইভান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মিজানুর রহমান বলেন, ইভান বাড়ির পাশে রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। এ সময় ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে মনিরা খাতুন দ্রুত রেললাইনে ছুটে যান। তখন ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
