১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

খুলনা সদর হাসপাতালে রোগীদের ‘নিম্নমানের খাবারে’ ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

এ সময় কয়েকজন রোগী র‌্যাবিস ভ্যাকসিন পেতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 06:56 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “কিছু অনিয়ম মানার মত নয়, জনগণের স্বার্থে যতটুকু অ্যাকশন নেওয়া যায়, ততটুকু অ্যাকশনে যাব।”

পরিদর্শনের সময় কয়েকজন রোগী র‌্যাবিস ভ্যাকসিন পেতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়েছে বলেও মন্ত্রীকে নালিশ দেন।

এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এ পরিস্থিতির কারণ জানতে চান। জবাবে তত্ত্বাবধায়ক বলেন, “আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছিল।”

ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

পরে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তা ফেলে দেন তিনি।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কী খেতেন? হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য ভালো মানের খাবার সরবরাহের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন। এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এদিন সকাল ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে আগুন লাগে। এতে হাসপাতালে আতঙ্ক ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউ থেকে রোগী সরানোর সময় এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া আহত হন দুই নার্সসহ পাঁচজন।

খুলনা মেডিকেলে আগুন: সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু