১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আকবর আলী খানের পরিবারের জায়গা থেকে সরল প্রেস ক্লাবের সাইনবোর্ড

সেখানে ‘নবীনগর প্রেস ক্লাবের প্রস্তাবিত ভবনের নির্ধারিত স্থান’ লেখাযুক্ত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 07:08 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খানের পরিবারের জায়গা থেকে প্রেস ক্লাবের সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে।  

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বুধবার বলেন, “জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বিষয়টি আমি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের বলেছি যে, আপনারা সাইনবোর্ডটি অপসারণ করেন। 

“পরবর্তীতে মাপঝোঁক করে যদি এখানে খাস জায়গা থাকে আর প্রেস ক্লাবেরও যদি জায়গা থাকে সেটা পরে বের করা হবে। এরপর জানতে পারলাম, মধ্যরাতে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে।”

১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সড়কের পাশে অবস্থিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খানের মা ও বোনের মালিকানাধীন ৬০ শতাংশ জায়গার বেশ কিছুটা দখলে নিয়ে সেখানে   ‘নবীনগর প্রেস ক্লাবের প্রস্তাবিত ভবনের নির্ধারিত স্থান’ লেখাযুক্ত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়। 

বিষয়টির প্রতিকার চেয়ে আকবর আলী খানের ভাগনে নূর-ই জাভেদ রোববার নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১১৬৬) করেন।

মঙ্গলবার বিকালে নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী উভয়পক্ষের সঙ্গে কথা বলেন। তখন জমিটি সরকারি সার্ভেয়ার দিয়ে মাপানোর কথা বলেন। 

আরও পড়ুন:

সাবেক উপদেষ্টা আকবর আলী খানের পরিবারের জায়গা দখলের অভিযোগ