১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভাইবোন খেলতে গিয়েছিল, পরে পুকুরে মিলল লাশ

খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন জানান।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 05:44 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন জানান।

নিহত শিশুরা হল- উপজেলার খলাপাড়া গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলা করতে যায় রিফাত ও সাফা। একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। 

পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, ঘাগড়া এলাকা থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।