Published : 01 Mar 2026, 04:16 PM
রাজবাড়ীর সদর উপজেলায় মাদকাসক্ত ব্যক্তির লাঠিপেটায় সত্তর বছর বয়সী বৃদ্ধর প্রাণ গেছে।
রোববার ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানিয়েছেন।
নিহত সমশের শেখ ওই গৌরিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বরকত শেখ নামের এক ব্যক্তিকে (৫০) গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে রাজবাড়ী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, সেহরি শেষে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে সমশের বরকতকে তার ছেলের বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করতে দেখেন।

এতে বাধা দিলে বরকত লাঠি দিয়ে সমরেশকে মারধর করে এবং বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সমরেশকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, বরকত দীর্ঘদিন ধরে ‘মাদকাসক্ত’ এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করেন।
ওসি জিয়াউর বলেন, বরকতকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনাটি তদন্ত করছে পুলিশ।